পরিযায়ী শ্রমিক আমি - রাফিয়া সুলতানা

28th May 2020 7:32 pm কবিতা
 পরিযায়ী শ্রমিক আমি - রাফিয়া সুলতানা


কবিতা - ০১

* পরিযায়ী শ্রমিক আমি *
---- রাফিয়া সুলতানা
 

এক দেশেতে জন্ম যেথা আপনজনের বাস-
অন্য দেশে থাকি পড়ে খাটতে বারো মাস!
হাড়খাটুনি খেটে সেথায় পয়সা দুটি পাই,
জমিয়ে সেটুক পরিবারের হাসি যে ফোটাই !

শিখবে ছেলে লেখাপড়া ,বাঁধতে হবে ঘর,
দিতে হবে মেয়ের বিয়ে হয়তো দুদিন পর!
ভুখা পেটে খাটছি শুধুই রাতকে ক'রে দিন,
স্বপ্ন শুধুই পরিজনের আনতে সে সুদিন!

গড়ছি কোথাও সৌধ সেতু রাস্তা অট্টালিকা ,
স্বর্ণশিল্পে জরির কাজে খাটছি মজুর ঠিকা!
জীবনটাকে বাজি রেখে করছি ঝুঁকির কাজ!
মরছি পড়ে মাচা ভেঙ্গে, মাথায় পড়ে বাজ!

তোমরা বাবু রাজপ্রাসাদে আয়েশ ক'রে রও,
তোমার যত কাজের বোঝা আমার পিঠে বও!
আমার চাওয়ার নাইকো মূল্য ,নাই জীবনের দাম!
যন্ত্রমানব যেন আমি-ঝরাই শুধু ঘাম!

যখন খুশি নারাজ আমায়, মর্জিমাফিক রাজি!
কাজের বেলায় কাজী, আবার কাজ ফুরালেই পাজি
খাও নারকেল আমার মাথায় লাগিয়ে সেটার বাড়ি!
খেদাও আবার আমায় ব'লে অনুপ্রবেশকারী!

যখন তখন ঘরছাড়া হই ঠুনকো অজুহাতে!
নির্বিচারে আমিই মরি দুর্যোগে, দাঙ্গাতে!
পরিযায়ী শ্রমিক আমি - এইতো পরিচিতি,
পিঁপড়ে সম এই জীবনের নির্বিকারে ইতি!

 

কবি পরিচিতি - রাফিয়া সুলতানা
জন্ম- ১৯৬৯ সালে ৩রা ফেব্রুয়ারি,পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ী শহরে। সিউড়ী রিভার থমসন উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক ও সিউড়ী বিদ্যাসাগর কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ।পদার্থবিজ্ঞানে অনার্স। বি এড । সিউড়ী সেন্ট্রাল সাবারবার্ন স্কুল ও আরামবাগে শিশুগুচ্ছ স্কুলে কিছুকাল শিক্ষকতার অভিজ্ঞতা ।
অনলাইন পত্রিকাগুলিতে সাহিত্যচর্চায় ব্যাপক সাফল্য লাভ। বাংলাদেশের সাহিত্য প্রবাহ, নান্দনিক, হৃদপল্লী, পশ্চিমবঙ্গের শ্যামচ্ছায়া বাণীমালা , পদসঞ্চার পত্রিকা, রঙধনু , সব্যসাচী ,বেঙ্গল মিরর ইত্যাদি বিভিন্ন পত্রিকায় লেখা প্রকাশিত।
পশ্চিমবঙ্গের বেলদা সাহিত্য আড্ডার লোককবি এনামুল আলি খান স্মৃতি সাহিত্য পুরস্কার, স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদ,বাংলাদেশের বাংলাদেশ কবিমহল, হৃদপল্লী, শব্দতরঙ্গ সাহিত্য পরিষদের প্রদত্ত সম্মাননা, ত্রিপুরা বাংলা সাহিত্য পরিষদের কাব্যজ্যোতি ও সাহিত্যপ্রভা খেতাব, আসামের মানব ধর্ম বিকাশ পরিষদ কতৃক বিশেষ সম্মাননা ও স্বর্ণপদক প্রাপ্তি।

প্রকাশিত কাব্য গ্রন্থ " সন্ধ্যার মেঘমালা ","বাঁধনহারা ঢেউ "ও যৌথ গল্পের বই "বেদনার বালুচরে "।





Others News