আর্ট - অসীম ভুঁইয়া

28th May 2020 8:21 pm কবিতা
আর্ট -  অসীম ভুঁইয়া


কবিতা - ০২

আর্ট
---- অসীম ভুঁইয়া

অসংখ্য সন্ত্রাস গিলে ফেলছে চারিদিক থেকে
বুকের ভাল্বে অবিরত স্পন্দন ৭২ ছাড়িয়ে দিকভ্রষ্টের মতো
ছুটে যাচ্ছে । ছুটতে দিই আমি। এগিয়ে যাক,
শেষ বিন্দুটি খুঁজে নিক সে ।

স্পন্দিত আবেগ, যশ, স্বচ্ছলতা প্রতিয়ত ওঠা নামা করে।
তাই ভয় থেকে বেরিয়ে এসেছি কবেই ।
তবু সময় –উত্থানের গল্পে নিজেকে ছায়ার মতো লাগে ।

বড় মনোরম এই টিকে থাকার আর্ট ।
যেন কুশলী শিল্পীর আঁচড়ের আলুথালু ক্যানভাস।
বেরিয়ে যাই জীবনের কেন্দ্রীয় বাহানা থেকে –
পাঠ করি মুহূর্ত – ভাঙা ইতিহাস – কথা ।

গভীরতর হয়ে আসে অন্ধকার । নিবিড় ভাবনার
প্রতিটি স্টেপ বেয়ে উঠে আসি আমি ।
চুপিসারে কে যেন দহন – আঙুলে ডেকে নেয় আরও কাছে ।
অতি মৃদু স্বরে বলে দেয় সে
কালোয় আলোয় কোনো ফাঁক নেই আর ।

 

অসীম ভুঁইয়া, জন্ম 30 শে নভেম্বর বাড়গোকুলপুর, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর জেলায়। ছোটবেলা থেকেই লেখালেখির সূত্রপাত। স্কুল ম্যাগাজিন অন্বেষাতে "সূর্যগ্রহণ বিষয়ক প্রবন্ধ" রচনার মধ্য দিয়েই তার প্রথম আত্মপ্রকাশ। শূন্য দশকের লেখক। তার পাঁচটি কাব্যগ্রন্থ 'মৃত্যু ও রক্তের আলাপন'। 'কান্নাতে ভাসে মৃগতৃষ্ণিকা'। 'আঙ্গুলে জড়ানো ঘুম'। হলুদ পাতার মেয়েরা ও 'হলদে গোধূলির বাইপাস' ।একটি যৌথ কাব্য সংকলন' বিন্দাস আগুনে আধ পোড়া নাভি 'একটি গল্পগ্রন্থ 'রূপসার সন্ধ্যার ফ্ল্যাটে' ও একটি ব্যাকরণ গ্রন্থ 'আধুনিক ভাষা প্রবাহ'। "স্ববৃত্তত্রিরেখা "নামে একটি সাহিত্য আন্দোলনের প্রতিষ্ঠাতা । নক্তন্দিব ও কপালসিরি নামে দুটি পত্রিকা সম্পাদনা করতেন। কবি দেশ, নতুন কৃত্তিবাস, রক্তমাংস, তথ্যকেন্দ্র, বৈঠকি আড্ডা , কবিতা ক্যাম্পাস,জলদর্চি সহ অসংখ্য ছোট-বড় পত্রিকায় লেখালেখি করেন। লেখক "সাহিত্য জগৎ পুরস্কার", "আত্মদ্রোহ সাহিত্যকৃতি সম্মান", "দিনবন্ধু আচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার", "বিপ্লবী সব্যসাচী সাহিত্য পুরস্কার" "সৈরিন্ধ্রী কবি সম্মান " "এনামুল আলি খান স্মৃতি সাহিত্য সম্মান", পশ্চিমবঙ্গ তথ্য-সংস্কৃতি দপ্তরের স্মারক সম্মান সহ অসংখ্য সাহিত্য সম্মানে সম্মানিত। প্রথাগত শিক্ষায় ট্রিপল এম. এ কবি পেশাগতভাবে একটি উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের সহশিক্ষক । অসীম কবি, ছোটগল্পকার ,গ্রন্থ সমালোচক ও ব্যাকরণবিদ হিসেবে বেশ জনপ্রিয়।তার ব্যাকরণ বই বহু স্কুলে পড়ানো হয়। মূলত গবেষণাধর্মী লেখালেখি করতে ভালোবাসেন।





Others News