কবিতা - ১২
কালনিদ্রা
কবি পুরুষোত্তম ভট্টাচার্য
আসলে সবাই তো
এগিয়ে চলেছি মৃত্যুর দিকে,
খুব ধীরে ধীরে,
এত ধীরে যাই, বুঝি না যে তাই,
কখন এসে দাঁড়াই , মৃত্যু দুয়ারে।
মনে পড়ে
সেই খরগোশ আর কাছিমের খেলা,
ঠিক সেই কাছিমের চালেই,
ব্যস্ততার সুপ্তির অজান্তেই,
আস্তে আস্তে এগিয়ে আসে মৃত্যু,
ডুবিয়ে দেয় জীবন খরগোশের ভেলা।
ব্যস্ত বেহুঁশ জীবন নিশ্চিতে ঘুমায়,
পাপের বিছানায়,
নিদ্রাহীন তন্দ্রাহীন সৃষ্টিকর্তারে ভূলে,
আর মৃত্যু কাছিম এগিয়ে যায়
সঠিকভাবে তার নিশানায়।
যখন ঘুমের ঘোর কাটে,
মৃত্যু কড়া নাড়ে জীবন দুয়ারে,
তখন খেলা শেষ,
জীবন খোরগোস থেকে যায়
অনেক পেছনে পড়ে,
কিছুই তো করা হয়নি,
থলেতেও পড়ে আছে
শুধু অচল কানাকড়ি;
এ দিয়ে যাবে না দেয়া পাড়ি।
হায়! প্রতিদিন ডেকেছিলো সবারে,
উচ্চস্বরে বারে বারে,
তবুও সে ডাক পৌছয়নি
নিদ্রাতুরের কর্ণকুহরে,
দাঁড়ায়নি পরম প্রভুর দুয়ারে।

কবি পরিচিতি- কবি পুরুষোত্তম ভট্টাচার্য
জন্ম ১৯৮১ সালের ২৪ শে অগাষ্ট, ভারতের মেঘালয়ের শৈল সুন্দরী শিলং শহরে।ইংরাজী ও সংস্কৃত ভাষা সাহিত্য ও সংগীতে স্নাতকোত্তর উচ্চশিক্ষিত কবি পুরুষোত্তম ভট্টাচার্য বাংলা, ইংরাজী ও হিন্দি তিন ভাষাতেই কবিতা রচনা করে চলছেন।২০১৯ সালের অগাষ্ট মাসে কলকাতা থেকে আন্তর্জাতিক ভাবে প্রকাশিত কবির কবিতার বই " কবিতার মাঝে পেয়েছি তোমায়" সাহিত্যপ্রেমী পাঠক সমাজে বিশেষ সাঁড়া ফেলেছে যা আমাজন সহ অন্যসব অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। তার কবিতার জন্য তিনি বিভিন্ন সময় নানান পুরস্কার ও সম্মাননায় ভুষিত হোন। ২০০৫ সালে 'আজকের শিলং ' পত্রিকা থেকে 'শ্রেষ্ঠ কবি সম্মান' ,২০১৮ সালে গৌহাটি থেকে ' কবি রত্ন সম্মান', ২০২০ সালে ১৫ই ফেব্রুয়ারি কলকাতা নন্দনের অবনিন্দ্র সভাগৃহে কবির বিশেষ কবিতা পাঠ ও সাহিত্য সম্মান প্রাপ্তি , ২৩ শে ও ২৭শে ফেব্রুয়ারী কলকাতায় যথাক্রমে বিবর্তন ও মুক্তি সাহিত্য পত্রিকা থেকে সাহিত্য সম্মান প্রাপ্তি।
খুব শিগ্গিরি সুদুর বিলেতের লন্ডন থেকে কবির ইংরাজি কবিতার বই ও এলাহাবাদ থেকে হিন্দি কবিতার বই প্রকাশিত হতে চলছে।