অনুতাপ
গাজী আজিজুল হক
~->>>>>÷<<<<<-~
নিজে কত বোকা আমি পারিনি ভাবতে
জীবনের গতিবিধি পারিনি মাপতে।
ক্ষণিকের চরাচরে সীমাহীন আশা
মনের আড়ালে গোঁজা কত ভালোবাসা।
কিছু রাত ঘুমাতেই আলিশান বাড়ি
কিছু পথ চলতেই কী রঙিন গাড়ি।
ছোট পেটে বহু ক্ষুধা শুধু হাহাকার
ক্ষীণ জিভে কত স্বাদ সীমা নাই তার।
পুঁজিবাদী লোভি মন খাই খাই রব
হারাম হালাল নাই খেতে চায় সব।
পোশাক বিলসী আমি কত রঙে সাজি
কখনো ভাবিনি আমি ক্ষণিকের মাঝি।
পান হতে চুন খসা পরানে না সয়
মনে মনে আশা বুনি সব যদি হয় !
পড়ে আছে বড়দিন স্বজন বিহীন
যেখানে হবে না ভোর পথ সীমাহীন।
সে পথের কড়ি নিয়ে উদাস এ মন
দুনিয়ার সুখ পেয়ে নাচি সারাক্ষণ।
পাহাড় সমান উঁচু পাপের ফসল
হিসাব তো দিতে হবে আসল নকল।
আখেরের তুলনায় এ সময় তুচ্ছ
সে কালের এক দম এ জীবন গুচ্ছ।
পড়ে রবে সব সুখ সাথী হবে নেকি
মরণ আসল আর সব কিছু মেকি।
মনের আকাশে আজ মেঘের পসরা
বিদায়ের মহামায়া করছে ইশারা।
ক্ষমা করো দয়াময় আমি পরাজিত
দুনিয়ার মোহবশে হয়েছি মোহিত।
তোমার করুণা ছাড়া নাই কোন গতি
তুমি তো রাজার রাজা বিশ্ব নরপতি।