News: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার সময়, সেই বিবৃতিতে বিসিসিআই জানায়, ওয়ানডে ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক হতে চলেছেন রোহিত শর্মা। আর ক্রিকেট বিশ্ব সরব হয়েছিল, একেবারে হঠাত করেই বিরাট কোহলিকে নেতৃত্ব থেকে বরখাস্ত করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
এবার এই অপসারণ নিয়ে মুখ খুললেন বিরাট কোহলি। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরাট জানিয়েছেন, দল ঘোষণার দেড় ঘন্টা আগে তিনি এই খবর পান। যদিও এই নিয়ে তার কোনও অসুবিধা নেই বলেই জানিয়েছেন বিরাট।
এই নিয়ে বিরাট কোহলি বলেছেন, “টেস্ট দল নির্বাচনের দেড় ঘন্টা আগে আমার সাথে যোগাযোগ করা হয় এবং ফোন কল শেষ হওয়ার আগের মুহুর্তে, পাঁচজন নির্বাচকের তরফ থেকে জানানো হয় যে আমি ওয়ানডে আন্তর্জাতিকের অধিনায়ক হবে। এই বিষয়ে আগে থেকে কোনও কথাই হয়নি। যদিও আমার কোনও অসুবিধা নেই তাতে।”
এদিকে টি২০ আন্তর্জাতিকে অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিসিসিআই শুরুতে বিরোধিতা দেখালেও কোনওরকম জোর খাটায়নি, এমনই জানিয়েছেন বিরাট। তিনি বলেছেন, “আমি যখন বিসিসিআইকে বলি যে আমি অধিনায়কত্ব ছাড়তে চাই, ওনারা ভালোভাবেই মেনে নিয়েছেন। কোনও বিরক্তি ছিল না।”
“আমায় বলা হয়েছিল এটি একটি ইতিবাচক পদক্ষেপ। আমি সেই সময় জানিয়েছিলাম যে আমি ওয়ানডে আন্তর্জাতিক ও টেস্টে নেতৃত্ব দিতে চাই। আমার তরফ থেকে বার্তা পরিষ্কার ছিল, তবে আমি এটিও জানিয়েছিলাম যদি তারা না মনে করে যে আমি অন্য ফর্ম্যাটে অধিনায়কত্ব করতে পারব না তাহলে তা ঠিক আছে।”