চাকরি বাতিল নয় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের , নির্দেশ সুপ্রিম কোর্ট

8th July 2023 9:19 pm সংবাদ
চাকরি বাতিল নয় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের , নির্দেশ সুপ্রিম কোর্ট


News:  পঞ্চায়েত ভোটের ২৪ ঘণ্টা আগেই এল সুপ্রিম কোর্টের রায়। চাকরি যাচ্ছে না ২০১৭ সালে নিয়োগ হওয়া রাজ্যের ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের। ফলে আপাতত স্বস্তিতে তাঁরা। তাঁদের চাকরি বাতিল সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশ শুক্রবার খারিজ করে দেয় শীর্ষ আদালত। বাতিল করা হয় নতুন নিয়োগের প্রক্রিয়াও। তবে মামলাটি হাইকোর্টে ফেরত পাঠিয়েছে বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ। সেখানে ডিভিশন বেঞ্চকে এই মামলা নতুন করে শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়েছে। পঞ্চায়েত ভোটের আগের দিন এই নির্দেশে স্বস্তিতে রাজ্য সরকার।
 সুপ্রিম কোর্ট এদিন সাফ জানায়, ওই বিপুল সংখ্যক সহকারী শিক্ষকের কথা না শুনেই নির্দেশ দিয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। সেটা আদৌ ‘যুক্তিযুক্ত’ নয়। এমনকী হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন করে নিয়োগ প্রক্রিয়ার যে নির্দেশ দিয়েছিল, তাও এদিন খারিজ করে দেয় শীর্ষ আদালত। শুধু শিক্ষকরা নয়, এর ফলে স্বস্তিতে প্রাথমিক শিক্ষা পর্ষদও। এদিন এক সাংবাদিক বৈঠকে সভাপতি গৌতম পাল বলেন, ‘আমরা আগেই জানিয়েছিলাম, প্রত্যেক প্রার্থীর অ্যাপ্টিচিউড টেস্ট নেওয়া হয়েছে। ওই সময় যাঁরা প্রশিক্ষিত ছিলেন না, তাঁদের প্রশিক্ষণও নির্দিষ্ট সময়ে শেষ করেছে পর্ষদ। মামলাটি নিয়ে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করে রাখা ছিল।’ সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে সেপ্টেম্বরে ফের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে না। তাতে বেশ নিশ্চিন্ত গৌতমবাবু।
২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। প্রশিক্ষিতদের বাছাইয়ের পর মেধাতালিকা অনুযায়ী প্রশিক্ষণহীনদের চাকরি দেওয়া হয়। কিন্তু সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে যান চাকরি না পাওয়া প্রশিক্ষণহীন প্রার্থীদের একাংশ। সেই মামলারই শুনানিতে এক লহমায় ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ। গত ১২ মে ওই নির্দেশে বলা হয়, তিন মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। ততদিন পার্শ্বশিক্ষকদের বেতন পাবেন ওই শিক্ষকরা। 





Others News

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ

পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরির নিয়োগে চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ


 

News: পুরুলিয়ার পর এবার পশ্চিম মেদিনীপুর পাবলিক লাইব্রেরীর নিয়োগে উঠল চরম দুর্নীতি ও স্বজনপোষণ এর অভিযোগ । অনেকের কাজ করার কোন অভিজ্ঞতা লাইব্রেরীতে নেই , কিন্তু ভুয়া অভিজ্ঞতার সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে বলে অভিযোগ । এছাড়া ফল প্রকাশে ভাগ ভাগ করে নাম্বার দেওয়া হয় নি , অর্থাৎ লেখা পরীক্ষা, কম্পিউটার টেস্ট ,ইন্টারভিউ – কে কত পেয়েছে তা জানানো হয় নি আলাদা ভাবে ।এক কর্মকর্তা নিজের আত্মীয়কে অন্য জেলা থেকে ডেকে এনে এখানে চাকরি দিয়েছেন বলে গুরুতর অভিযোগ উঠছে ।এছাড়া সব জেলায় লাইব্রেরিয়ান নিয়োগ হলেও পশ্চিম মেদিনীপুর জেলার নিয়োগে জেলার ছেলেদের অগ্রাধিকার না দিয়ে সব অন্য জেলার ছেলে মেয়েদের  নিয়োগ করার গুরুতর অভিযোগ উঠছে ।

ইন্টারভিউ দিতে গেলে অনেক কে নতুন নতুন সার্টিফিকেট চাওয়া হয় , কিন্তু সে গুলো আনাতে বলা হয় নি আগে , সেই কারনে নাম্বার না দেওয়ার অভিযোগ উঠেছে ।

অভিযোগকারিগন জানান তারা ডি এম এর কাছে ডেপুটেশান দেবেন এবং হাইকোর্টে কেস করবেন ।